যুক্তরাজ্যের বেডফোর্ড শহরের কাছে দুই ট্রেনের সংঘর্ষে একটির চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন ৮৯ জন যাত্রী। শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল সোয়া ৫টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১১ জন যাত্রীর অবস্থা খুবই গুরুতর, ২২ জনের অবস্থা গুরুতর এবং ৫৬ জন আশঙ্কামুক্ত বলে জানিয়েছে যুক্তরাজ্যের ইস্ট ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস।
রেল ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর তথ্যানুযায়ী, উভয় ট্রেনই দক্ষিণ লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে যাচ্ছিল। বিকেলে বেডফোর্ড শহরের বাইরে ট্রেন দু’টির সংঘর্ষ হয়। খবর পেয়ে দ্রুতই হতাহতদের উদ্ধারে কাজ শুরু করে স্থানীয় প্রশাসন।
লন্ডন পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন এবং চালকের মৃত্যু হয়েছে। এটা খুবই দুঃখজনক। আমাদের কর্মকর্তা ও সদস্যরা বেডফোর্ড পুলিশ সহকর্মীদের সহযোগিতা করছে। পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনীর সদসরা সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আহতদের যত দ্রুত সম্ভব হাসপতালে নেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স সেখানে মজুত আছে।’
যুক্তরাজ্য রেলের পূর্ব মিডল্যান্ড বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার ৩টা ৫০ মিনিটে নটিংহ্যাম থেকে একটি ট্রেন দক্ষিণ লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে যাচ্ছিল। কাছাকাছি সময়ে করবি শহর থেকে একই স্টেশনের দিকে যাচ্ছিল আরেকটি ট্রেন। কোনো প্রকার সংকেত, বা কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই সংঘর্ষ ঘটে ট্রেন দু’টির।
পিটার ন্যাপ নামের এক যাত্রী জানিয়েছেন, ‘হঠাৎ আমি আমার আসন থেকে ছিটকে পড়লাম এবং সামনে ধোঁয়া দেখতে পেলাম। মানুষজন কাঁদছিল, চিৎকার করছিল; খুব বিভ্রান্ত অবস্থায় ছিল তারা।’
তিনি বলেন, ‘আমি ওঠার পর দেখলাম আশেপাশে অনেকের হাত-পা ভেঙে গেছে, অনেকে এমনকি কথা বলার অবস্থাতেও নেই।’