রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। এ সময় ঘটনাস্থলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।
তিনি জানান, রাত ৭টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার খবর পেয়ে থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ পর্যন্ত বোমা সদৃশ অন্তত দুটি বস্তু নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। আরও সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজ চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, সন্ধ্যার পর অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা মেট্রোরেল স্টেশনের নিচে এসব বোমা সদৃশ বস্তু রেখে যায়। প্রাথমিকভাবে এগুলো কী ধরনের বিস্ফোরক বা ককটেল ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিষ্ক্রিয় করা দুটি বস্তুর ভেতরে ডেটোনেটর পাওয়া গেছে এবং সেগুলোতে শক্তিশালী বিস্ফোরক উপাদান ছিল বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। সিটিটিসি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে মতিঝিল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।