রাজধানীর শাহজাহানপুর থানার দক্ষিণ খিলগাঁও এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি রিভলবারসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি জানান, রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খিলগাঁও বাগিচা এলাকার ঝিলপাড় পাবলিক টয়লেটের পশ্চিম পাশে অভিযান চালায় শাহজাহানপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, ওই এলাকার একটি ময়লার ভাগাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অস্ত্র ও গুলিগুলো সেখানে কে বা কারা রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও জানানো হয়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।