রাজধানীতে সাম্প্রতিক ককটেল হামলার ঘটনায় ২৮ বছর বয়সি এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য।
আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল ও সেন্ট জোসেফ স্কুল— ক্যাথলিক পরিচালিত খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনাসহ একাধিক হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ককটেল হামলায় জড়িত অন্যদের আটক করতে ডিএমপি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) যৌথভাবে রাজধানীজুড়ে অভিযান জোরদার করেছে। পাশাপাশি, সব গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
অন্তর্বর্তী সরকার জানিয়েছে, ধর্মীয় সম্প্রীতি ও আন্তঃধর্মীয় ঐক্য বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। সরকার দেশের ধর্মীয় সহাবস্থান রক্ষায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।