পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির মধ্যেও সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে বিশেষ প্রয়োজনে বুধবার (১৮ মার্চ) ও বৃহস্পতিবার (১৯ মার্চ) কিছু এলাকায় খোলা থাকবে কিছু বাণিজ্যিক ব্যাংকের শাখা। এই দুদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বুধবার (১৮ মার্চ) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকায় দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে নির্দিষ্ট কিছু শিল্পাঞ্চলে সীমিত আকারে ব্যাংক খোলা রাখা হবে।
নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ১৮ ও ১৯ মার্চ খোলা থাকবে। এসব শাখায় সীমিতসংখ্যক জনবল দিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে।
এই দুদিন ব্যাংকের অফিস সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার (পোর্ট ও কাস্টমস জোন) ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো ১৭-২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) ছুটির দিনেও সীমিত আকারে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম চালাতে পারবে।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।