পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৫ থেকে ৩১ মে টানা সাত দিনের ছুটি চলছে। এর মধ্যে দেশের ব্যাংকগুলো বন্ধ থাকলেও বিশেষ প্রয়োজনে মঙ্গলবার (২৬ মে) সীমিত পরিসরে কিছু ব্যাংকের কিছু শাখা খোলা আছে। অন্যদিকে দেশের ছয়টি সিটি করপোরেশন নির্ধারিত কোরবানির হাট এলাকায় ঈদের আগের দিন পর্যন্ত ১২ ঘণ্টা ব্যাংক খোলা রাখার নির্দেশনা রয়েছে।
এ বিষয়ে গত ১৮ মে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) একটি সার্কুলার জারি করে। সেই অনুযায়ী, খোলা থাকা শাখাগুলোতে অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ ও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে এই সার্কুলার জারি করা হয়। এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ধারাবাহিকতায় ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। তবে টানা ছুটির মধ্যেও পোশাক শিল্প খাতের শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধে ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসডিএডির সার্কুলার অনুযায়ী, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্পসংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করছে।
এ ছাড়া দেশের সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে আগের মতোই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সেবা চালু থাকবে। ঈদের ছুটির সময়ও (ঈদের দিন ছাড়া) আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট সীমিত ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা পাবেন বলেও নির্দেশনায় বলা হয়েছে।
ঈদের আগের রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা
অন্যদিকে দেশের ছয়টি সিটি করপোরেশন নির্ধারিত কোরবানির হাট এলাকায় ঈদুল আজহার আগের দিন পর্যন্ত ১২ ঘণ্টা ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত রোববার (২৪ মে) প্রতিটি তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের দেওয়া বাংলাদেশ ব্যাংকের এক চিঠি থেকে জানা যায়, এই সময়কালে ব্যাংক নির্ধারিত শাখা, উপশাখা বা হাটে স্থাপিত বুথগুলো সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে হবে।
চিঠিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় কোরবানির পশুর হাট পরিচালিত হচ্ছে। এসব হাটে অধিকসংখ্যক ক্রেতা ও ব্যবসায়ীর সমাগম এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হচ্ছে। ক্রেতা ও ব্যবসায়ীদের আর্থিক লেনদেনের নিরাপত্তা বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চিঠিতে আরও বলা হয়েছে, কোরবানির পশুর হাটের কাছাকাছি ব্যাংকের শাখা বা উপশাখা এবং সংশ্লিষ্ট পশুর হাটে স্থাপন করা অস্থায়ী বুথ ব্যবহার করে ক্রেতা ও ব্যবসায়ীরা যেন ক্রয়-বিক্রয়ের অর্থ সহজে লেনদেন করতে পারেন সেটা নিশ্চিত করতে ব্যাংকিং সহায়তা জরুরি।
এসব হাট এলাকায় ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে চিঠিতে তিনটি পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেগুলো হলো:
১. ২৪ মে থেকে ২৭ মে পর্যন্ত ছয়টি সিটি করপোরেশনের কোরবানির পশুর হাটের কাছের ব্যাংক শাখা বা উপশাখা স্বীয় বিবেচনায় নির্বাচন করে বিশেষ ব্যবস্থায় খোলা রাখতে হবে। এসব শাখা বা উপশাখায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে হবে।
২. পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে স্বীয় বিবেচনায় ব্যাংকের অস্থায়ী বুথ স্থাপনের মাধ্যমে অর্থ জমা নেওয়া, উত্তোলন ও নতুন হিসাব খোলার ব্যবস্থা রাখতে হবে।
৩. সংশ্লিষ্ট ব্যাংক শাখা বা উপশাখা বা বুথে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালন করা কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ ভাতা দিতে হবে।
হাটগুলো হলো:
ঢাকা উত্তর করপোরেশন
১. বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা
২. মিরপুর সেকশন-৬, ওয়ার্ড নম্বর-৬ (ইস্টার্ন হাউজিং) এর খালি জায়গা
৩. মিরপুর কালশী বালুর মাঠের (১৬ বিঘা) খালি জায়গা
৪. ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা
৫. বাড্ডা থানার অন্তর্গত স্বদেশ প্রপার্টির খালি জায়গা
৬. ২৩ নং ওয়ার্ডের পূর্ব হাজীপাড়া, ইশরা মাদ্রাসার পাশে খালি জায়গা
৭. উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নং সেক্টরসংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গা
৮. গাবতলী পশুর হাট
৯. খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়া এলাকা
১০. বড় বেরাইদ বসুন্ধরা গ্রুপের খালি জায়গা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
১. কাজলা ব্রীজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ী পানির পাম্প পর্যন্ত
২. মোস্তমামি মোড় সংলগ্ন গ্রীণ বনশ্রী হাউজিং
৩. ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ পূর্ব পাশ এলাকা
৪. রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন এলাকা
৫. পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিমপার্শ্বে নদীর পাড় এলাকা
৬. উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন আশপাশ এলাকা
৭. শিকদার মেডিকেল সংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের এলাকা
৮. গোলাপবাগস্থ আউটফল স্টাফ কোয়ার্টার এলাকা
৯. আমুলিয়া মডেল টাউন
১০. সারুলিয়া
১১. সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পার্শ্বের খালি জায়গা অস্থায়ী কোরবানির পশুর হাট
চট্টগ্রাম সিটি করপোরেশন
১. বিবির হাট
২. সাগরিকা
রংপুর সিটি করপোরেশন
১. লালবাগ সদর হাট
খুলনা সিটি করপোরেশন
১. জোড়া হাট
রাজশাহী সিটি করপোরেশন
১. সিটি হাট