বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আনিছুর রহমান। তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আনিছুর রহমানকে বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ ও অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে পৃথক প্রজ্ঞাপনে ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
বিগত অন্তর্বর্তী সরকার সরকার ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জাকির হোসেন চৌধুরীকে তিন বছরের জন্য ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল। সদ্য নিয়োগ পাওয়া আনিছুর রহমান জাকির হোসেন চৌধুরীর স্থলাভিষিক্ত হতে পারেন।