সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ হয়।
এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য একটি যৌথ সাংস্কৃতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্পেনের সংস্কৃতি মন্ত্রী আর্নেস্ট উরতাসুন দোমেনেখ ও ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রী ইমাদ এ. হামদানের যৌথ আমন্ত্রণপত্রটি বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী আমন্ত্রণপত্রটি সাদরে গ্রহণ করেন ও এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শান্তি ও সংলাপের শক্তিশালী সেতু হিসেবে কাজ করে সংস্কৃতি। এই আমন্ত্রণ বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ও আমার দাপ্তরিক সময়সূচি বিবেচনা করে ইতিবাচকভাবে মূল্যায়ন করা হবে।’
বৈঠকে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার দীর্ঘস্থায়ী, ঐতিহাসিক এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করা হয়। বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকারের প্রতি সবসময় অবিচল সমর্থন বজায় রেখেছে বলে সংস্কৃতি মন্ত্রী পুনরুল্লেখ করেন। দুই দেশের মধ্যকার বিদ্যমান মৈত্রী ও সহযোগিতা আগামীতে আরো সুদৃঢ় হবে বলেও মন্ত্রী আশা প্রকাশ করেন।
এ সময় ফিলিস্তিনের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ গভীর আগ্রহ প্রকাশ করে। এর মধ্যে শিল্পী ও সাংস্কৃতিক দল বিনিময়, যৌথ প্রদর্শনী, ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক সংলাপ অন্যতম। উভয় পক্ষই দুই দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনে একমত পোষণ করেন।