দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ভরিতে ১৪ হাজার ৬৩৯ টাকা কমিয়ে সোনার নতুন দাম প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (৩০ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ (শুক্রবার) ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট হলমার্ক করা সোনার প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ২৬৫ টাকা। সেই হিসেবে দেশীয় পরিমাপ অনুযায়ী প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৭৯ টাকা।
একইসঙ্গে ২১ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ২২ হাজার ২০৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ভরিপ্রতি হিসেব করলে দাঁড়ায় ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে ১৮ ক্যারেটের গ্রামপ্রতি মূল্য ১৯ হাজার ৩৫ টাকা অনুযায়ী প্রতি ভরির দাম পড়বে ২ লাখ ২২ হাজার ২৫ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার প্রতি গ্রামের দাম ধরা হয়েছে ১৫ হাজার ৬৭৫ টাকা, যার ভরিপ্রতি বাজারমূল্য দাঁড়াবে ১ লাখ ৮২ হাজার ৮৩২ টাকা।
সবশেষ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়িয়েছিল বাজুস। এদিন ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়েছিল সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যোগ করতে হবে।