রমজান উপলক্ষে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এই ট্রাকে বাজারের চেয়ে কম দামে টিসিবির নিয়মিত পণ্যের পাশাপাশি বিক্রি হবে ছোলা আর খেজুরও।
টিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার থেকে শুরু হওয়া বিক্রি কার্যক্রমের সব প্রস্তুতি শেষ হয়েছে। পণ্য নিতে নির্ধারিত ডিলারদের টাকা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ভোজ্যতেল, চিনি ও ডালের সঙ্গে বিক্রি হবে ছোলা ও খেজুর। সারাদেশে থাকবে চার শতাধিক ট্রাক। প্রতিটি ট্রাকে থাকবে ৪০০ ভোক্তার জন্য পণ্য। শুক্রবার বাদে বিক্রি চলবে সপ্তাহের বাকি দিনগুলোতে।
টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন বলেন, পবিত্র রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল রাখতে কিছু পণ্য ট্রাকে বিক্রি করা হবে; যা ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে। প্রতিটি জেলা, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরগুলোতে পণ্য বিক্রি চলবে।