বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.৭৮ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ৩০.০৬ বিলিয়ন মার্কিন ডলার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি ফেব্রুয়ারির প্রথম ১৮ দিনেই দুই বিলিয়ন বা ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই সময়ে মোট ২১২ কোটি ৬০ লাখ ডলার দেশে এসেছে। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৬ হাজার কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (১৮ ফেব্রুয়ারি) জানান, চলতি ফেব্রুয়ারির প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১২ কোটি ৬০ লাখ ডলার। যেখানে গত বছরের একই সময়ে দেশে ১৬৬ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।
এর আগে ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে দেশে ১৮০ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। এরমধ্যে শুধু ১৬ ফেব্রুয়ারিতেই এসেছিল ১৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। অর্থাৎ, পরের দুই দিনে আরও প্রায় ৩০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণে ব্যাংকে ডলার সরবরাহ আগের চেয়ে বেড়েছে। ডলারের দর যেন হুট করে পড়ে না যায়, সেজন্য নিলামের মাধ্যমে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক।
তিনি আরও জানান, বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। তাতে ডলার দরও পড়ে যাচ্ছে না আবার রিজার্ভও বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের।