আদালতে মামলা সংক্রান্ত জটিলতার কারণে গত বছর স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা চলতি বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে জুনিয়র (অষ্টম শ্রেণি) বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ খুব দ্রুতই শুরু হবে। সরকারি স্কুুলে পড়া শিক্ষার্থীদের ৮০ শতাংশ এবং বেসরকারি অর্থাৎ কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের ২০ ভাগ পরীক্ষায় অংশ নিতে পারবে।
আগামী বছর থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক অর্থ বাড়ানো হবে বলেও জানান মন্ত্রী।
এহছানুল হক মিলন জানান, এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পেয়েছে ৬৮ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী। এর মধ্যে মেধা বৃত্তি ২১ হাজার ৪৯৭ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৩৭ হাজার ২৬১ জন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির সংখ্যা ২২ হাজার ৩৬০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে বৃত্তির সংখ্যা ২০৮ জন।