আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন।
জাতীয় সংসদে বুধবার (১৫ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকারের ইশতেহারে শিক্ষাদানের মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা তিন লাখ ৭৬ হাজার ৪৮৯ এবং এর মধ্যে চলমান ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় ইতোমধ্যে এক লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী সংসদকে বলেন, আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হওয়ার পর অবশিষ্ট শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে।
এর আগে সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়। দিনের শুরুতেই নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সংসদ নেতারা। অধিবেশনে চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী প্রশ্ন করেন, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ইংরেজি বিষয়ে কোনো বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে কিনা। এরপর জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।
এ ছাড়া সম্পূরক প্রশ্নে হুম্মাম কাদের চৌধুরী বলেন, গত ১৭ বছরে বেসরকারি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের সময় কোনো ধরনের গাইডলাইন বা সনদ দেওয়া হতো না। বর্তমান সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নেবে কিনা।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আপনি নিজেই উল্লেখ করেছেন যে প্রতিষ্ঠানগুলো বেসরকারি। সুতরাং সেখানে গাইডলাইন নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোরই। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব বা পরামর্শ থাকলে সরকার তা অবশ্যই বিবেচনা করবে।