বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। ইউনিভার্সিটির মোহাম্মদপুরের আদাবরস্থ স্থায়ী ক্যাম্পাসে সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ইকোনমিক্স অনুষদের ডিন প্রফেসর ড. মো: তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্টস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ল’ অনুষদের ডিন অধ্যাপক মো: হুমায়ুন কবির, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: মুজাক্কীরুল হুদা, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: সাদিক ইকবাল, সোসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম এম এনামুল আজিজ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান ড. উম্মে কুলসুম সুমা, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান শেখ ইতমাম সৌদ, আইন বিভাগের প্রধান কাজী লতিফুর রেজাসহ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এবারের ভর্তি মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা সরজমিনে পরিদর্শনের সুযোগ পাবেন। এছাড়া মেলা চলাকালীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ের বিস্তারিত তথ্যসহ যুগোপযোগী শিক্ষার দিকনির্দেশনামূলক তথ্য সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ্য, মেলা চলাকালীন ইউনিভার্সিটির সামার সেমিস্টারে বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের এসএসসি ও এইচএসসি ফলাফলের উপর সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ কোর্স ফি মওকুফ ছাড়াও মেলায় অতিরিক্ত ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা মওকুফে ভর্তির সুযোগ পাবেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে বিকেল ৪টা পর্যন্ত। মেলা শেষ হবে আগামী ২৪ এপ্রিল শুক্রবার।