শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পুনরায় চালুর কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের সময়ে এ দুটি পরীক্ষা ছিল না। মাঝে যারা সরকারে ছিলেন, তারা এটা চালু করেছিলেন। সেসময় নিশ্চয় স্টেক হোল্ডারদের (অংশীজন) সঙ্গে পরামর্শ করে পিএসসি-জেএসসি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অংশীজনরাই আবার বাতিলের পক্ষে সুপারিশ করেছেন। অর্থাৎ যারা পরীক্ষা চেয়েছিলেন, তারাই বাতিল করেছেন। এটি পরীক্ষিত। এ নিয়ে আর ভাবা উচিত হবে না।’
এ সময় এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন চলতি সপ্তাহেই তৈরি হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষার বিষয়ে আমি স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে পরীক্ষাটা খানিকটা পিছিয়ে ও তাদের রুটিনটাও তাদের মতামতের ভিত্তিতেই করা হয়েছে। তবে সেই জায়গাটিতে সময়সূচি নিয়ে কেউ কোনো আপত্তি করেনি। আমরা হয়তোবা রুটিনটা দেওয়ার পরে আরেকবার আলোচনা করতে পারি। রুটিন এই সপ্তাহে তৈরি হবে।’
শিক্ষা কারিকুলম বিষয়ে তিনি বলেন, ‘আমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেই কারিকুলাম নিয়ে বিশেষজ্ঞদেরকে কাজ করার জন্য বলেছি। তারা কাজ করছে। গতকাল থেকে আমি ডিরেক্ট সুপারভিশন শুরু করেছি। আজকেও সেই সুপারভিশন এখন থেকে আমার ননস্টপ কারিকুলামের উপর সুপারভিশনেই আমি কাজ করব। সামনের কয়েকটা দিন দেখি কি করা যায়। করতেই হবে। এর কোনো বিকল্প নেই।’