ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ঘোষিত তালিকায় দলের জ্যেষ্ঠ নেত্রীদের পাশাপাশি তরুণ ও মাঠপর্যায়ের নেত্রীদেরও প্রধান্য দেওয়া হয়েছে।
তালিকায় আছেন যারা- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা।
বিএনপির সমমনা জোট থেকে প্রার্থী দেওয়ার অনুরোধে একটি তালিকা দলটির হাতে দেওয়া হলেও সেখান থেকে কাউকে এই তালিকায় রাখা হয়নি।
আলোচিতদের মধ্যে বাদ পড়েছেন- মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী সাবেক এমপি রুমানা মাহমুদ, নাসরীন আক্তার মুন্নী, সংগীতশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, চৌধুরী নাদিরা আক্তার, হাসনা জসিমউদ্দীন মওদুদ, জাবি অধ্যাপক নাসরিন ইসলাম খান, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এবং মহিলা দলের আন্তর্জাতিক সম্পাদক শামীমা আক্তার রুবীসহ আরও অনেকে।
এর আগে, দলটির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড গত দুই দিনে প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকারে দেশের ১০টি সাংগঠনিক বিভাগের প্রার্থীরা অংশ নেন। সাক্ষাৎকারে নারী নেত্রীরা বিগত আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা, ত্যাগ এবং দলের প্রতি অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি মনোনয়ন পাওয়া বা না পাওয়ার পর করণীয় সম্পর্কেও মতামত দেন এবং দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
গত শনিবার (১৮ এপ্রিল) সাক্ষাৎকারের শেষ দিনে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা। ওই দিন ৫ শতাধিক প্রার্থী সাক্ষাৎকার দেন।
আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন পাবে।
জাতীয় সংসদে সংরক্ষিত আসন ৫০টি। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাপ্ত আসন সমানুপাতে, বিএনপি জোটের মধ্যে প্রাপ্ত সংরক্ষিত আসন ৩৬টি। জামায়াতের নেতৃত্বে বিরোধীদলীয় জোট পেয়েছে ১৩টি আসন এবং বাকী একটি আসনে প্রার্থী স্বতন্ত্র ৭ সংসদ সদস্য দ্বারা নির্ধারিত হবেন।