বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের সংগঠন বসবাউবি-প্রাস-এর সরকারি নিবন্ধন প্রাপ্তি উদযাপন ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) রাজধানীর ধানমন্ডির ফোর সিজন রেস্টুরেন্টে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। সম্প্রতি সংগঠনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর থেকে আনুষ্ঠানিক নিবন্ধন পায়। সংগঠনটির নিবন্ধন নম্বর ঢ-০১০১৩৯।
আয়োজকরা জানান, ১০৩ বছরের গৌরবময় পথচলা অতিক্রম করা বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম নিবন্ধিত প্রাক্তন ছাত্রী সংগঠন হিসেবে স্বীকৃতি অর্জন করেছে বসবাউবি-প্রাস। এ অর্জনের আনন্দ প্রাক্তন ছাত্রীদের সঙ্গে ভাগ করে নেওয়া এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করতেই এ বিশেষ আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টায় রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর শুভ উদ্বোধন, পবিত্র কোরআন তেলাওয়াত, সংগঠনের পটভূমি ও লক্ষ্য উপস্থাপন, প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মেজর প্রফেসর ডা. লায়লা আঞমান বানুর স্মৃতিচারণ, সাবেক শিক্ষিকা ও সিনিয়র প্রাক্তন ছাত্রীদের সম্মাননা প্রদান, কার্যনির্বাহী কমিটির পরিচিতি এবং বিশেষ অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. কোহিনূর বেগম। সংগঠনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সেক্রেটারি প্রফেসর সায়মা ডেইজি। বিশেষ বক্তব্য দেন কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত পিটিআই ইনস্ট্রাক্টর রওশান জাহান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালক ডা. সুফিয়া বেগম।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশে অবস্থানরত স্বনামধন্য, কৃতী এবং প্রতিষ্ঠিত প্রাক্তন ছাত্রীরা অংশ নেন। এ সময় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যভুক্তি কার্যক্রম, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রাক্তন ছাত্রীদের সক্রিয় সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়।
দুপুরে কেক কেটে সংগঠনের শুভ সূচনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রফেসর ডা. সামসুন নাহার রেনুর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
বসবাউবি-প্রাসের নেতারা বলেন, এই আয়োজন প্রাক্তন ছাত্রীদের পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি বিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আগামী প্রজন্মের জন্য ইতিবাচক উদ্যোগ গ্রহণ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে।