চলতি বছরের মাধ্যমিক ও সমমানের (এসএসসি) পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত বিবিধ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় ইতোমধ্যে এসএসসি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্র ফাঁস হয়নি। আগামী ২০ জুলাই আমরা মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবো, ২ মাসের মধ্যে ফল প্রকাশ করা হচ্ছে।
তিনি বলেন, সেশন জট কমিয়ে আনতে আমরা সিলেবাস শেষ হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছি। সেই সঙ্গে আমরা এক বছর আগেই এসএসসি ও এইচএসসির সময়সূচি ঘোষণা করেছি। এছাড়া শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে যেসব প্রকল্প চলমান রয়েছে, সেগুলোতে আমরা কাজ করছি।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সারাদেশে ইনোভেশন, আইডিয়া, শোকেসিং, স্টার্ট-আপ অনুষ্ঠানগুলো ব্যাপকভাবে চলছে। এর আনুষ্ঠানিকতা শেষ হবে ২৮ ও ২৯ জুন। এর মধ্যে ২৯ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রামের ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।