গত ২৫ বছর যাবত নামের ভুল বানান নিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীরা বিব্রত হচ্ছেন বলে জানিয়েছেন। সব জায়গায় আবদুল হামিদ খান ভাসানীর আগে ‘মওলানা’ লেখা হলেও তার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে লেখা হয়েছে ‘মাওলানা’। টাঙ্গাইলের সন্তোষে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাসের সময় ভুল বানানের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ১৯৯৯ সালের ১২ অক্টোবর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে ২০০১ সালের ১২ জুলাই জাতীয় সংসদে ‘মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ (৩৭ নং আইন) পাস হয়। এর মধ্য দিয়ে দেশের ১২ তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু করে মাভাবিপ্রবি। এরপর আইন মেনেই এক প্রকার ভুল নাম বয়ে বেড়াচ্ছে দেশের অন্যতম বিশ্ববিদ্যালয়টি।
ব্রিটিশ ও পাকিস্তান আমলের বিভিন্ন গণআন্দোলনের তৃণমূল নেতা ছিলেন কিংবদন্তী রাজনীতিবিদ মওলানা আবদুল হামিদ খান ভাসানী। ১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধেও রেখেছিলেন সক্রিয় ভূমিকা। মজলুম জননেতা ভাসানী জীবদ্দশায় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। পরবর্তীকালে তার অবদানকে স্মরণ করেই এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে সরকার।
টাঙ্গাইল জেলার সন্তোষে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই দেশে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। এ বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন প্রায়োগিক বিষয়ে জ্ঞান লাভ করে দক্ষ ও আলোকিত মানবসম্পদে পরিণত হচ্ছে শিক্ষার্থীরা।