চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক।
তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য ১০ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
পূর্বঘোষণা অনুযায়ী, ২০ জুলাই এসএসসির ফলাফল প্রকাশের কথা ছিল, কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়। ১৮ জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, ২০ তারিখে ফলাফল প্রকাশ হচ্ছে না। তবে জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশের জন্য তারা প্রস্তুত আছেন।
এর আগে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছিল, বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে ফল প্রকাশ সম্ভব হয়নি। পরে ফল প্রস্তুতের কাজ শেষ হলে প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়।
গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২০ জুলাই। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ২১ এপ্রিল থেকে শুরু হয়ে চলে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।