বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি চার (৪) বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ পর্যন্ত (যেটি আগে হবে) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক ও গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক। শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক কর্মকান্ডে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।