একদিন, দুইদিন কিংবা এক সপ্তাহ নয়, দুইশত দশদিন তিনি দেশের কোথাও ছিলেন না। তাকে সেভাবে রেগুলার ফোন কলেও পাওয়া যায়নি। চাইলেই দেখাও করা যায় নি। টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের কথা বলা হচ্ছে।
তার উপস্থিতি ছাড়াই নাটকের শুটিং হয়েছে দেশে। নিলয় অভিনীত একাধিক নাটক প্রচারও হয়েছে। স্বস্থির খবর হলো নিলয় এখন ঢাকায়। গত ২২ ফেব্রুয়ারি থেকে নাটকের শুটিংয়ে দেখা যাচ্ছে তাকে। নাজমুল রনির পরিচালনায় একটি এক খণ্ডের নাটকে অভিনয় করেছেন এরইমধ্যে।
প্রশ্ন হলো, তাহলে ২১০ দিন কোথায় ছিলেন অভিনেতা নিলয়? নিলয়ের সঙ্গে যোগাযোগের পর জানা গেল আসল খবর।
গত সেপ্টেম্বরে তার সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে আমেরিকায় গিয়েছিলেন নিলয়। সেখানেই কন্যা সন্তানের বাবা হন এই অভিনেতা। যে কারণে আমেরিকায় এতোদিন ছিলেন নিলয়। গত ১৯ ফেব্রুয়ারি মেয়ে রুশদা মাইমানাহকে সঙ্গে নিয়ে সস্ত্রীক নিলয় দেশে ফিরেন।
জানা গেছে শিগগিরই আরও দুটি নাটকের নাটকের শুটিং করবেন নিলয়। এভাবে নিয়মিত শুটিং জীবনে অভ্যস্ত হবেন এই জনপ্রিয় অভিনেতা।