দেশীয় ওটিটি চ্যানেল চরকিতে ৪ মার্চ প্রকাশ হচ্ছে ফিল্ম ‘মিউ’। আতিক জামানের পরিচালনায় এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, আফসানা মিমি ও সাদিয়া আয়মান। অন্যান্য চরিত্রে দেখা যাবে আফজাল হোসেন, ইশতিয়াক আহমেদ রুমেল, রাকিব হোসেন ইভন, কাব্যকথা প্রতীতি তামান্না হক বর্ণাকে।
এতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে হাকিম ও মিমিকে। একটি পারিবারিক গল্প নিয়েই কনটেন্টটি সাজানো হয়েছে।
ঘর মানেই শুধু মানুষে ভরা নয়-সেখানে থাকে ভালোবাসা, অভিমান, দায়বদ্ধতা আর নীরব নির্ভরতার গল্প। কখনও সেই গল্পে মানুষ কথা বলে, কখনও বা এক নরম লোমশ প্রাণী নীরবে জায়গা করে নেয় পরিবারের হৃদয়ে। ঠিক এমনই এক আবেগঘন পারিবারিক বয়ান নিয়ে আসছে চরকির অরিজিনাল ফিল্ম ’মিউ’। যেখানে মানুষের সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি পোষা প্রাণীর প্রতি মমতা এক গভীর মানবিক প্রশ্ন তুলে দেয়-আমাদের ওপর নির্ভরশীল প্রাণীগুলোকে আমরা আসলে কতটা যত্নে রাখি?
নির্মাতা আতিক জামান বলেন, ’গল্পটা প্রথম যেমন ছিল শেষ পর্যন্ত আর তেমন থাকেনি। নানা রকম যুক্তি–তর্কের পর আমরা একটি পারিবারিক ও মানবিক গল্প তৈরি করতে পেরেছি বলে আশা করছি। একটা পরিবারের সব রকমের অনুভ‚তি এই গল্পে দর্শকরা পাবেন। এর সঙ্গে পোষা প্রাণী একটা বড়তি আবেদন যোগ করেছে। আমি বলব এটা মোড় ঘুড়িয়ে দিয়েছে বা একটা নতুন উপলব্ধি তৈরি করেছে মিউ।’ ’মিউ’ গল্প লিখেছেন মো আলম ভূইয়া । নির্মাতা ও গল্পকার মিলে লিখেছেন চিত্রনাট্য ও সংলাপ।