গত বছরের ঈদের ইত্যাদিতে হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান দ্বৈতকণ্ঠে একটি গান গেয়েছিলেন। যা ব্যাপকভাবে প্রশংসিত হয়। আগামী ঈদের ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠানেও হাবিব ওয়াহিদকে গাইতে দেখা যাবে। তবে এবার আর দ্বৈত নয়, এককভাবেই গাইবেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।
‘বুঝি নাই তো আগে’ শিরোনামের গানটি লিখেছেন এস এ হক অলিক। সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব নিজেই।
এই গান প্রসঙ্গে হাবিব বলেন, ‘ অলিক ভাইয়ের লেখা গান আগেও গেয়েছি আমি। তার লেখা আমার লাগে। এবারের ইত্যাদির এই গানটিও আমার ভালো লেগেছে।’
ঈদের বিশেষ ইত্যাদির বর্ণাঢ্য মঞ্চে হাবিব ও তার দলের পরিবেশনায়, দর্শকদের অংশগ্রহণে গানটি বেশ উপভোগ্য হয়ে উঠবে বলে অভিমত সবার।
প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।