ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠানটিতে সব সময়ই নতুনত্ব থাকে। তবে এই ম্যাগাজিনের ঈদের বিশেষ পর্বে থাকে বিশেষ অনেক কিছুই। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
অভিনয়ের বাইরে তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি দুজনেই নাচে পারদর্শী। তাদের সেই বিশেষ গুণটি অভিনয়ের আড়ালে ঢাকা পড়ে থাকে। এবারের ঈদের ইত্যাদিতে সেই বিশেষ পারদর্শিতা দর্শকের সামনে তুলে ধরা হবে এই ম্যাগাজিনের মাধ্যমে। যা ঈদ ইত্যাদির এক বিশেষ চমক হিসেবেই বিবেচিত হচ্ছে।
ঈদের ইত্যাদিতে একটি ভিন্ন ধরনের নাচ রাখা হয়েছে। ইভান শাহরিয়ার সোহাগের নৃত্য পরিচালনায় সেই নাচে পারফর্ম করবেন হিমি ও তমা মির্জা। তাদের সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী।
হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচটির সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ। এবারের নাচের মিউজিকটিতে রয়েছে ক্লাসিক্যাল, ফোক ও আধুনিক কম্পোজিশানের সংমিশ্রণ। মিউজিকে যেমন নুতনত্ব রয়েছে তেমনি নাচের কম্পোজিশনেও রয়েছে বৈচিত্র্য।
প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।