মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সর্বশেষ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্লাস্টার বোমার সাবমিউনিশন বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করছে দেশটির পুলিশ। সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তেল আবিব জেলা পুলিশ কমান্ডার হাইম সারগারফ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘দেশের কেন্দ্রীয় অঞ্চলের একাধিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর পাওয়া গেছে। এতে বিভিন্ন ভবন ও স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।’
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ আগেই দাবি করেছিল, চলমান সংঘাতের পাশাপাশি ২০২৫ সালের জুন মাসে শুরু হওয়া যুদ্ধে ইরান ক্লাস্টার বোমা বহনকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।
দেশটির সামরিক সূত্রে বলছে, এ ধরনের ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড ভূপৃষ্ঠে নামার সময় খুলে গিয়ে প্রায় ২০টি ছোট আকারের বোমা ছড়িয়ে দেয়। প্রতিটি সাবমিউনিশনে প্রায় ২ দশমিক ৫ কেজি বিস্ফোরক থাকে এবং সেগুলো প্রায় ৮ কিলোমিটার ব্যাসার্ধজুড়ে ছড়িয়ে পড়ে।
এদিকে আইডিএফের অধীনস্থ হোম ফ্রন্ট কমান্ড বলছে, ক্লাস্টার বোমা হামলার প্রেক্ষাপটে বেসামরিক নাগরিকদের জন্য জারি করা নিরাপত্তা নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি।