দীর্ঘদিনের নাব্যতা সংকট, মৎস্য উৎপাদন হ্রাস ও পর্যটন স্থবিরতার প্রেক্ষাপটে অবশেষে কাপ্তাই হ্রদ আগামী ১৮০ দিনের মধ্যে খনন কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। রোববার (১ মার্চ) রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ ঘোষণা দেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদ পার্বত্য অঞ্চলের অর্থনীতি, নৌ-যোগাযোগ, মৎস্যসম্পদ ও পর্যটনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে হ্রদে পলি জমে নাব্যতা কমে যাওয়ায় নৌযান চলাচল ব্যাহত হচ্ছে, মাছ উৎপাদন কমছে এবং পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি উত্তরণে সরকার হ্রদ খননের সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শুরু করা হবে বলে জানান তিনি।
পার্বত্য মন্ত্রী আরও বলেন, তিন পার্বত্য জেলায় অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতের উন্নয়ন এবং পর্যটন অবকাঠামো জোরদারে নতুন প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে এবং এ বিষয়ে শিগগিরই একটি স্পষ্ট সিদ্ধান্ত জানানো হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরীসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতারা।
সভায় বক্তারা রাঙামাটির সড়ক যোগাযোগ, পানি ব্যবস্থাপনা, পর্যটন অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। এ বিষয়ে সরকারের পরিকল্পনা ও ভবিষ্যৎ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত ধারণা দেন মন্ত্রী দীপেন দেওয়ান।
এর আগে সকালে একই স্থানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন তিনি। ওই সভায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং নতুন প্রকল্প বাস্তবায়নে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।