দীর্ঘ দুই দশকের অভিনয় ক্যারিয়ারে এমন সময় আর আসেনি চিত্রনায়িকা অপু বিশ্বাসের জীবনে। নতুন এই পরিস্থিতির জন্য অপু এবং তার ভক্তরাও হতাশ। যদিও বিষয়টি অপু বিশ্বাসের নিয়ন্ত্রনে নেই। তারপরও এমন একটি সময়ের মুখোমুখি হয়ে বেশ অস্বস্তিতেই আছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা।
জানা গেছে , আগামী ঈদে অপু বিশ্বাস অভিনীত কোনো সিনেমাই মুক্তি পাচ্ছে না। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ‘দূর্বার’ নামের একটি সিনেমায় কিছুদিন আগে অভিনয় করেছিলেন তিনি। সিনেমাটি ঈদে মুক্তির কথা ছিল। কিন্তু পরিচালকসূত্রে জানা গেছে, এখনও এটির কারিগরি কাজই শেষ হয় নাই।
এমনও সময় ছিল প্রতিটি ঈদে অপুর একাধিক নতুন সিনেমা মুক্তি পেত। অনেকেই মনে করেন শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রেম-বিয়ে-বিচ্ছেদেই তাকে সিনেমা থেকে দূরে ঢেলে দিয়েছে। যদিও কালেভদ্রে তাকে দুই-একটি সিনেমায় অভিনয় করতে দেখা গেলেও, তবে এখন আর আগের মতো শুটিং সেটে খুব একটা দেখা যায় না অভিনেত্রীকে। এখন তিনি বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের ফটোশুট আর শোরুমের ফিতা কেটেই দিন পার করছেন।