দেশের প্রথম সারির প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ এবার ঈদে নিয়ে আসছে একসঙ্গে ২৫টি নতুন নাটক। প্রতিষ্ঠানটির কর্ণধার নাজমুল হক ভূঁইয়ার প্রযোজনায় এসব নাটক পর্যায়ক্রমে প্রকাশ হবে জি সিরিজের বাংলা নাটক ইউটিউব চ্যানেলে।
২৫টি নতুন নাটকের এই লাইনআপে যেমন আছে মোশাররফ করিম, খায়রুল বাসার, মুশফিক আর ফারহান, আরশ খান, জোভান, ইয়াশ রোহান— সেই সাথে আছেন তানিয়া বৃষ্টি, তাসনুভা তিশা, সাফা কবির, তানজীন তিশা, হিমি, কেয়া পায়েল, প্রিয়ন্তী উর্বী, মারিয়া মেহনতি, আইশা খানসহ আরও অনেকে।
পথিক সাধন পরিচালিত ‘নিঃস্ব তুমি আমি’-তে দেখা যাবে আরশ খান ও সামিরা খান মাহিকে। একই পরিচালকের ‘চাওয়া পাওয়া’-তে আছেন আরশ খান ও প্রিয়ন্তী উর্বী, আর ‘সাত দিন’-এ শরাফ আহমেদ জীবন ও রিয়া ঘোষ। পথিক সাধনের আরেকটি বিশেষ নাটক ‘ইরার পদ্ম’-তে জুটি বেঁধেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। গল্প ও আবেগের মেলবন্ধনে নাটকটি দর্শকের মনে আলাদা ছাপ ফেলবে বলেই আশা করছেন নির্মাতারা।
ঈদের এই আয়োজনে বিশেষভাবে চোখে পড়ছে মোশাররফ করিম অভিনীত একাধিক নাটক। আহসান হাবিব আকিক পরিচালিত ‘চার নম্বর বউ’-তে তার সঙ্গে আছেন তানিয়া বৃষ্টি। একই নির্মাতার ‘ফুটানি বাবু’-তেও দেখা যাবে এই জুটিকে। এছাড়া মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস পরিচালিত ‘তুই’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন তাসনুভা তিশা। আর আসাদুজ্জামান আসাদ পরিচালিত ‘চেয়ারম্যানের বিয়ে’-তে তার বিপরীতে রয়েছেন হিমি। ভিন্ন ভিন্ন ধরনের গল্পে মোশাররফ করিমের উপস্থিতি এবারের ঈদ নাটকে বাড়তি আগ্রহ তৈরি করবে বলেই ধারণা করা হচ্ছে।
একইভাবে সুব্রত কুমার সঞ্জীবও থাকছেন একাধিক নাটক নিয়ে। অ্যাকশনধর্মী বিগ বাজেটের 'লেলিন’ নাটকে আছেন মুশফিক আর ফারহান ও সাফা কবির। নামের ভিন্নতার মতো গল্পেও নতুনত্বের প্রত্যাশা করছেন দর্শকরা। একই নির্মাতার মুশফিক ফারহান ও মারিয়া মেহনতি অভিনীত—‘বোবা কান্না’-শিরোনামটি নিঃশব্দ বেদনা ও অন্তর্গত যন্ত্রণার এক আবেগী কাহিনির ইশারা দেয়। পাশাপাশি খায়রুল বাসার ও সাফা কবিরের ‘ফড়িয়া’-নাটকটিও বেশ আলোড়ন ফেলবে বলে ধারণা করছেন সুব্রত কুমার সঞ্জীব।
অন্যদিকে ফরহাদ আহমেদ ইশান পরিচালিত ‘বাতাসের ফুল’-এ থাকছেন জোভান ও কেয়া পায়েল। মারুফ হোসাইন সজীব পরিচালিত ‘জোড়া শালিকের ঘর’-এ আছেন খায়রুল বাসার ও তানজীন তিশা।
জনপ্রিয় অভিনেতা শিমুল শর্মা এবার প্রথবারের মতো অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনার দায়িত্বও নিয়েছেন। তার পরিচালিত ‘কাবজাব’-নাটকে অভিনয় করেছেন শিমুল শর্মা ও শরাফ আহমেদ জীবনসহ আরো অনেক পরিচিত মুখ।
সাইদুর ইমন পরিচালিত ‘সে কি আসবে না’ নাটকে আছেন ইয়াশ রোহান, আইশা খান ও নাজিবা বাসার।
সব মিলিয়ে, এবারের ঈদে জি সিরিজের ব্যানারে নির্মিত নাটকগুলোতে গল্পের বৈচিত্র্যই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। তারকাবহুল কাস্টের পাশাপাশি নির্মাতারা বিভিন্ন স্বাদের গল্প দর্শকের সামনে তুলে ধরতে চেয়েছেন। সেই দিক থেকে বলা যায়, ঈদের ছুটিতে নাটকপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে ব্যস্ত ও উপভোগ্য এক নাট্যআয়োজন। ঈদ হয়ে উঠবে আনন্দঘন উৎসব।