ঈদ আসলেই জেগে উঠে ঢালিউড। নতুনের অধিক্যের পাশাপাশি বিগ বাজেট এবং প্রথম সারির তারকাদের নিয়ে তৈরী করা সিনেমা থাকে একাধিক। আগামী ঈদেও এর ব্যতিক্রম হচ্ছেনা।
এরইমধ্যে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা পাঁচটি সিনেমা চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অনুমতি পেয়েছে। এগুলো হলো ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘দম’ ও ‘রাক্ষস’। উপরের সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশী প্রেক্ষাগৃহ পাচ্ছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ এবং রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমা দুটি।
চলচ্চিত্র পরিবেশক ও প্রদর্শক সমিতির একটি সূত্র জানিয়েছে, এই দুটি সিনেমার বুকিংই বেশী পাওয়া যাচ্ছে। কারণ শাকিব খানের আলাদা দর্শক তৈরী হয়েছে। আর তিনিও প্রতিটি ছবিতেই নতুনভাবে হাজির হচ্ছেন। এবারও তার ব্যতিক্রম নয়। আর আফরান নিশো গত তিন বছর ধরে প্রতি ঈদে নতুন সিনেমার মাধ্যমে হাজির হচ্ছেন দর্শকের সামনে।
তাই শাকিব-নিশোর অভিনয় লড়াইয়ের দিকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবারও। তবে ‘রাক্ষস’ সিনেমায় সিয়াম নতুনত্ব দেখাবে তেমন আভাসও আছে।
তাছাড়া তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’-এ সিনেমায় তো তারকার ছড়াছড়ি। এখানে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর ও শরীফুল রাজ। আর রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’-এ অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষির মতো তারকারা।
এখন দেখার বিষয় দর্শক আসলে কোন সিনেমা এবং কোন তারকার সিনেমায় বেশী মাতবে।