চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক মারা গেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সলিম উল্লা সেলিম।
একেএম সলিম উল্লা সেলিম জানান, ‘বার্ধক্যজনিত রোগে জি এম ফজলুল হক মারা গেছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় দেশ-বিদেশে চিকিৎসা নিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের তরপুরচন্ডি গ্রামে ১৯৪৭ সালে ১০ মে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ বহু রাজনৈতিক সহযোদ্ধা, আত্মীয়, বন্ধু রেখে গেছেন।
জি এম ফজলুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালে নবম জাতীয় নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে পরাজিত হন। একবার টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও ছিলেন তিনি।
তিনি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে ক্রমান্বয়ে রাজনীতিতে চলে আসেন। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন ছিলেন তিনি।