ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালী সচল বা উন্মুক্ত করার কোনো সামরিক অভিযানে অংশ নেবে না তার দেশ।
তবে তিনি জানান, যুদ্ধ শেষ হওয়ার পর পারস্য উপসাগরীয় অঞ্চলে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিতে একটি জোট গঠনের প্রস্তুতিমূলক কাজ চালিয়ে যাচ্ছে ফ্রান্স।
মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট এ কথা জানান।
এর আগে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্স, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়াসহ মিত্র দেশগুলোকে এই অভিযানে অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি।
তবে কোনো দেশই এখন পর্যন্ত ট্রাম্পের এই আহ্বানে সাড়া দেয়নি। বরং কয়েকটি দেশ সাফ জানিয়ে দিয়েছে, ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের। এতে তারা কোনোভাবেই যোগ দেবে না।
এরই ধারাবাহিকতায় ওই অভিযানে অংশ নেওয়ার বিষয়ে ট্রাম্পের প্রস্তাব নাকচ করে দিলেন মাখোঁ।
প্যারিসে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে মাখোঁ বলেন, ‘আমরা এই সংঘাতের কোনো পক্ষ নই। তাই বর্তমান প্রেক্ষাপটে হরমুজ প্রণালী উন্মুক্ত বা দখলমুক্ত করার কোনো অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না।’
তথ্যসূত্র: আল জাজিরা