ঈদে মুক্তি পেতে যাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’। পোস্টার, টিজারের পর মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে এসেছে সিনেমার অফিশিয়াল ট্রেলার। এ উপলক্ষ্যে রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয়েছিল সংবাদ সম্মেলনের। পরিচালকের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ছবির শিল্পী-কলাকুশলী থেকে প্রযোজক।
‘দম’ সিনেমার পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই ফেসবুকের বিভিন্ন গ্রুপে ছবিটি নিয়ে তুলনা শুরু হয় দক্ষিণ ভারতীয় সিনেমা ‘দ্য গোট লাইফ’-এর সঙ্গে। বিষয়টি এদিন সংবাদ সম্মেলনেও উঠে আসে।
জবাবে রেদওয়ান রনি জানান, পৃথিবীর সব মরুভূমি এক রকম, ঠিক আকাশ থেকে প্রকৃতির অন্য অনেক কিছুই এক, তার মানে এ নয় যে একটি থেকে আরেকটি অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে।
রেদওয়ান রনি বলেন, ‘আমার এ সিনেমার ঘোষণার সময় আপনারা (সংবাদকর্মী) ছিলেন, তখনই আমরা জানিয়েছিলাম সত্য ঘটনা অবলম্বনে একটা সার্ভাইভাল গল্প আমরা বানাচ্ছি। যে ছবির সঙ্গে এর মিল খোঁজা হচ্ছে, সেটি মুক্তি পেয়েছে তারও বছরখানেক পর, তাহলে আমি কি টাইম ট্রাভেল করি এ সিনেমা দেখে এসেছি? (হাসি)’
এ নির্মাতা আরও বলেন, ‘অনেক বাংলা সিনেমায় মতিঝিলের শাপলা চত্বর দেখানো হয়েছে, তাহলে কি এসব সিনেমা একটা আরেকটার নকল? আসলে সিনেমা না দেখে কোনো কিছু মন্তব্য করা উচিত নয়।’
এদিন নির্মাতা আরও জানান, এ সিনেমার গল্পটি তিনি পেয়েছেন একটি দৈনিকের ঈদসংখ্যা ম্যাগাজিনে। সেই গল্প তুলে ধরে রেদওয়ান রনি বলেন, ‘প্রতিবার ঈদ করতে গ্রামে যাই। যাওয়ার সময় সব সময় বাবার জন্য ঈদ ম্যাগাজিনগুলো নিয়ে যাই। সেবার প্রথম আলো ঈদসংখ্যায় একটা গল্প পড়ে চোখে পানি চলে আসে। এটাকে পর্দায় আনার আগ্রহ হয়। সেই গল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে দম। সিনেমার প্রধান চরিত্রটি অদ্ভুত এক অনুভূতি এনে দিয়েছে। একজন মানুষের মানসিক শক্তি কতটা দমদার হতে পারে, তা পর্দায় দেখা যাবে। আশা করছি সিনেমাটি সবার ভালো লাগবে।’
‘দম’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও সাইফুল্লাহ রিয়াদ। ছবির বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি সহপ্রযোজিত ‘দম’ মুক্তি পাবে পবিত্র ঈদুল ফিতরে।