কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া পপ তারকা শাকিরার কনসার্ট আঞ্চলিক অস্থিতিশীলতার জেরে স্থগিত করা হয়েছে। দেশটির ইভেন্ট প্ল্যাটফর্ম কাতার ক্যালেন্ডার মঙ্গলবার (২৪ মার্চ) এই তথ্য জানিয়েছে।
বিশ্ব সফরের অংশ হিসেবে আগামী ১ এপ্রিল কাতারের রাজধানী দোহায় কলম্বিয়ান এই তারকার সঙ্গীত পরিবেশনের কথা ছিল।
এদিকে আগামী ৪ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অফলিমিটস মিউজিক ফেস্টিভ্যালে শাকিরা এবং জোনাস ব্রাদার্সের সঙ্গীত পরিবেশনের কথা থাকলেও তা আগামী নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাত পারস্য উপসাগরীয় দেশগুলোতে ছড়িয়ে পড়লে একাধিক সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান বাতিল বা স্থগিত করা হয়; যার মধ্যে ওই দুই অনুষ্ঠান সর্বশেষ সংযোজন।
এর আগে দুবাই ও বাহরাইনে মার্কিন গায়ক জশ গ্রোবানের দুটি কনসার্ট বাতিল করা হয়। আগামী কয়েক দিনের মধ্যে এসব কনসার্ট হওয়ার কথা ছিল।