গত কয়েক বছর ধরেই পারিবারিক গল্পের নাটক কিংবা সিনেমা নির্মাণ করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। গত ঈদেও এর ব্যতিক্রম ছিলনা। ইউটিউবের জন্য তিনি নির্মাণ করেন ফিল্ম ‘ফ্যামিলি ম্যান’। যেখানে অভিনয় করেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী।
এটি সিনেমাওয়ালা নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশের প্রথমদিনেই ৩০ লাখ ভিউ পার করেছে। মধ্যবিত্ত পরিবারের রমজান মাস ও রোজার ঈদ যেমন কাটে, সেই বাস্তবতা নিয়েই তৈরি হয়েছে ‘ফ্যামিলি ম্যান’ ফিল্মটি।
‘ফ্যামিলি ম্যান’-এর বেশিরভাগ দৃশ্য দেখে কেঁদেছেন দর্শকেরা। প্রবাসীদের অনেকে এই নাটকের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা খুঁজে পেয়ে ইউটিউবে মন্তব্যের ঘরে ভালো লাগার অনুভূতি জানিয়েছেন। দর্শকদের বিশেষণে এটি, ‘এই ঈদের সেরা নাটক।’
মামুন চরিত্রে ফারহান আহমেদ জোভান এবং নীলু চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। নিজের পরিবারের জন্য নিবেদিত তরুণের চরিত্রে জোভানের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন দর্শকেরা। মামুনের মায়ের ভূমিকায় মনিরা আক্তার মিঠু অভিনয়ও সবাইকে আবেগপ্রবণ করেছে। একইসঙ্গে গ্রামীণ তরুণী নীলু চরিত্রে তটিনীর অভিব্যক্তি মন ছুঁয়েছে দর্শকদের।