স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে দিনব্যাপী প্রচার হবে সংগীতানুষ্ঠান, কবিতা আবৃত্তির অনুষ্ঠান, আলোচনানুষ্ঠান, নাটক ও আলেখ্যানুষ্ঠানসহ নানা আয়োজন।
২৬ মার্চ সকাল ১০টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান। বেলা ১২টায় প্রচার হবে দেশাত্মবোধক কবিতা আবৃত্তির অনুষ্ঠান। দুপুর ১২টা ৪৫ মিনিটে রয়েছে সংগীতানুষ্ঠান ‘স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন’। এ অনুষ্ঠানে গান গাইবেন দিঠি, আনোয়ার, পিয়াল হাসান, সোহেল মেহেদি, লায়লা ইয়াসমিন লাবণ্য, লাবণী আক্তার, চম্পা বনিক, অন্তর, মৌসুমী ইকবাল, রাফিজা আক্তার। দুপুর দেড়টায় প্রচার হবে ১৯৭১ সালের ২৬ মার্চ দেশি-বিদেশি পত্রিকায় প্রকাশিত সংবাদের বিশ্লেষণধর্মী একটি অনুষ্ঠান। বিকাল সাড়ে ৪টায় থাকছে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। বিকাল ৫টায় প্রচার হবে সংগীতানুষ্ঠান। সন্ধ্যা ৬টায় থাকছে বিশেষ আলোচনা অনুষ্ঠান।
রাত ৯টায় প্রচার হবে আব্দুল আজিজের রচনা ও নাসির উদ্দিনের প্রযোজনায় বিশেষ নাটক ‘ওঁরা ছিলেন বলেই’। নাটকে অভিনয় করেছেন আব্দুল আজিজ, প্রমা আজিজ, শ্যামল হাসান, কবির টুটুল, ঈশিকা আজিজ, খন্দকার শাহ আলম, ম. ম মোর্শেদ, মারুফ আকিব, সাবিহা জামান প্রমুখ। মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, সাহস এবং দেশপ্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি।
রাত ১০টায় সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ও নাদিয়া হকের উপস্থাপনায় প্রচার হবে আলেখ্যানুষ্ঠান ‘মুক্তির পতাকা আমার’। একক গান, দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি। এতে দেশাত্মবোধক গান পরিবেশন করেছেন সামিনা চৌধুরী ও স্বরলিপি। দলীয় সংগীতে থাকছে জনপ্রিয় দুটি দেশাত্ববোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ এবং ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’।
এছাড়াও দিবসটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ-এ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ, তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে কুচকাওয়াজ অনুষ্ঠান, সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা পরিবেশনা এবং জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি স¤প্রচার করবে বিটিভি।