১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করে। দেশজুড়ে আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে চক্র তৈরি করেন ভিকি জাহেদ। গত বছর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পায় সেই সিরিজ। মুক্তির পর থেকেই দর্শক–প্রশংসিত ওয়েব সিরিজটির দ্বিতীয় মৌসুমের দাবি ওঠে। অবশেষে এলো ‘চক্র-২’। আইস্ক্রিনে আজ থেকে দেখা যাচ্ছে এই সাইকোলজিক্যাল থ্রিলার।
প্রায় ২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলারজুড়েই রহস্যের আবহ। পোস্টারেও তৌসিফ মাহবুবকে এক ভীতিকর লুকে দেখা গেছে মাথাবিহীন রক্তাক্ত দেহ, এক হাতে চাপাতি, অন্য হাতে কাটা হাত।
প্রথম মৌসুমের মতো এবারও হুমায়ূন চরিত্রে আছেন তৌসিফ মাহবুব। শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে তৌসিফ বলেন, ‘ভয়াবহ কিছু দৃশ্য ধারণের সময় ইউনিটের কেউ কেউ সেট ছেড়ে চলে গিয়েছিলেন, এমনকি অসুস্থও হয়ে পড়েছিলেন। এ সিরিজের চরিত্রের লুক ও মেজাজ ধরে রাখার জন্য কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। শুটিং চলাকালে অন্য কোনো কাজও করিনি।’ নতুন মৌসুমে যুক্ত হয়েছেন আজমেরী হক বাঁধন।
তিনি বলেন, ‘বছরখানেক আগে মেয়েকে নিয়ে একটি রেস্টুরেন্টে ডিনারে গেছি। একই জায়গায় সেদিন ভিকি আরও দুই শিল্পীকে গল্প শোনাচ্ছিল। আমি নিজেই গিয়ে তার সঙ্গে কথা বলি। বলি, আমি তোমার সঙ্গে কাজ করতে চাই। সে তখন বলল, অবশ্যই আপু। প্রায় এক বছর পর চক্র-২ এর একটি চরিত্র নিয়ে ভিকি আমার সঙ্গে কথা বলে। চরিত্রটি শুনে আমারও বেশ চমৎকার মনে হয়।’
সিরিজটিতে আরও অভিনয় করেছেন মৌসুমী মৌ, গাজী রাকায়েত, নাদের চৌধুরী, মোমেনা চৌধুরী, শাহেদ আলী, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, আরেফিন জিলানি, মার্শিয়া শাওন প্রমুখ।