কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্টারলাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও একই পরিবারের চার আরোহীর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
নিহতরা সবাই নোয়াখালীর সোনাইমুড়ী এলাকার বাসিন্দা। তাদের নাম আব্দুল মুমিন, ঝর্না, লাবিবা ও আরসাদ ও প্রাইভেটকারের চালক জামাল হোসেন।
পুলিশ জানায়, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।