দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’তে স্ট্রিম হচ্ছে বিশেষ নাটক ‘জ্যাকপট’। অভিনেতা শরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মা এই প্রথম কোনো নাটকে কেন্দ্রীয় চরিত্রে জুটি হিসেবে অভিনয় করেছেন, যা মুক্তির পরপরই দর্শক মহলে ব্যাপক কৌতূহল ও প্রশংসা পাচ্ছে।
মাজিদুল ইসলাম স্বাধীনের পরিচালনায় নির্মিত ‘জ্যাকপট’-এর প্রেক্ষাপট গড়ে উঠেছে সীমান্ত সংলগ্ন একটি এলাকার রোমাঞ্চকর ও হাস্যরসাত্মক কিছু ঘটনাকে কেন্দ্র করে। ‘জিরা মাসুদ’ চরিত্রে শিমুল শর্মা এবং ‘ডাইল কাদের’ চরিত্রে শরাফ আহমেদ জীবনের অনবদ্য রসায়ন দর্শকদের দারুণভাবে বিনোদিত করছে। মূলত চোরাকারবারি, স্থানীয় রাজনীতি এবং অনাকাঙ্খিতভাবে প্রাপ্ত এক বিশাল অংকের টাকাকে কেন্দ্র করে নাটকের কাহিনী এগিয়েছে।
নাটকটির সফলতা ও নির্মাণ নিয়ে পরিচালক মাজিদুল ইসলাম স্বাধীন বলেন, ‘জীবন ভাই ও শিমুলকে নিয়ে কাজ করাটা ছিল দারুণ এক অভিজ্ঞতা। তারা দুজনেই অত্যন্ত মেধাবী এবং পর্দার বাইরে তাদের বন্ধুত্বই ক্যামেরার সামনে চমৎকার রসায়ন তৈরি করেছে। দর্শকদের কাছ থেকে যে ইতিবাচক সাড়া পাচ্ছি, তাতে আমরা সবাই অভিভূত।’
এই নাটকে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল, নিদ্রা নেহাসহ অনেকে। নাটকটির নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন সুফিয়ান রায়হান।