গুণী নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকু ভালো নেই। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তার অসুস্থতার খবর জানিয়েছেন স্বামী চলচ্চিত্র পরিচালক নুরুল আলম আতিক।
মাতিয়া বানু শুকুর অসুস্থতা প্রসঙ্গে আতিক বলেন, ‘ আমার স্ত্রী মাতিয়া বানু শুকু শুভাকাঙ্খীদের কাছে দোয়া চেয়েছেন। তিনি ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘদিন ধরে তার চিকিৎসা করছেন।
জানা গেছে, বর্তমানে জটিল শারীরিক অবস্থা নিয়ে কঠিন সময় পার করছেন মাতিয়া বানু শুকু ব্যয়বহুল এই চিকিৎসার খরচ সামলাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। সহকর্মী ও প্রিয়জনদের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি চিকিৎসার জন্য সরকারকে পাশে থাকার আহ্বান জানিয়েছে তার পরিবার।
মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা। মাতিয়া বানু শুকুর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর তাকে ভারতের চেন্নাইয়ে নিয়ে চিকিৎসা করানো হচ্ছে।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে মাতিয়া বানু বাংলাদেশের ছোট পর্দা এবং চলচ্চিত্রে অত্যন্ত সৃজনশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে মধ্যবিত্ত জীবন ও সামাজিক বাস্তবতার গল্পগুলো তার নির্মাণে অত্যন্ত নিপুণভাবে ফুটে ওঠে। তিনি ২০২১ সালের ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এ ছাড়া ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ এবং ‘প্রজ্ঞা পারমিতা’-এর মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন।