ব্যান্ড তারকা হাসানের মা রৌশনারা আজিজ আর নেই। সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
সন্ধ্যায় হাসানের ব্যান্ডদল আর্ক-এর ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের সবার প্রিয় হাসান ভাইয়ের শ্রদ্ধেয় আম্মা রৌশনারা আজিজ আজ দুপুর ১২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। মায়ের বিদায় একজন সন্তানের জীবনে এমন এক শূন্যতার সৃষ্টি করে, যা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই গভীর শোকের মুহূর্তে আমরা আর্ক ব্যান্ড পরিবারের পক্ষ থেকে হাসান ভাই ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি।
এদিকে আর্ক ব্যান্ডের সদস্য টিংকু আজিজুর রহমানও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। এক পোস্টে তিনি জানান, ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের সবার প্রিয় আর্ক ব্যান্ডের হাসান ভাইয়ের শ্রদ্ধেয় আম্মা রৌশনারা আজিজ (বয়স ৮৬) আজ ৪ মে দুপুর ১২:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’