পোশাক শ্রমিকদের অংশগ্রহণে পালিত হয়েছে সম-মজুরি দিবস ২০২৬। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, “নারী-পুরুষের সমান মজুরির অধিকার”। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শ্রমিকদের নিজেদের লেখা ও অভিনীত একটি পথনাটক, “এক কাজের দুই দাম”। যেখানে সহজভাবে উঠে আসে নারী-পুরুষের মজুরি অধিকার, কাজের মূল্যায়ন ও ন্যায্য মজুরির প্রয়োজনীয়তা। এর পাশাপাশি বেতন, ওভারটাইম, ও পে-স্লিপ বোঝার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনায় গান শোনান “মধু হই হই” খ্যাত গায়ক ইমরান হোসেইন।
"আমি নারগিস" ক্যাম্পেইনের উদ্যোগে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। এটি Sustainability in the Textile and Leather Industry (STILE II) প্রকল্পের একটি অংশ যা GIZ Bangladesh এবং KONA Foundation-এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। STILE II বাংলাদেশের পোশাক খাতকে ইউরোপীয় ইউনিয়নের টেকসই উন্নয়ন মানদণ্ড পূরণ এবং পরিবেশবান্ধব উৎপাদন, নিরাপদ কর্মপরিবেশ ও কর্মক্ষেত্রে সমতা নিশ্চিত করতে সহায়তা করছে। বিগত পাঁচ বছর ধরে অনলাইন ও মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরি করে আসছে আমি নারগিস ক্যাম্পেইন। বর্তমানে ক্যাম্পেইনটি একটি কমিউনিটিভিত্তিক সাপোর্ট সিস্টেম গড়ে তুলতে কাজ করছে, যার মাধ্যমে সহিংসতার শিকার বা ঝুঁকিতে থাকা নারীরা প্রয়োজন অনুযায়ী পারস্পরিক সহায়তা ও অন্যান্য নাগরিক সহায়তার সঙ্গে সংযুক্ত হতে পারবেন।
আয়োজকদের মতে, এই উদ্যোগটি বাংলাদেশের পোশাক শিল্পে কর্মীদের অধিকার সচেতনতা ও সুশাসনের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ। শ্রমিকদের সরাসরি অংশগ্রহণ এবং নেতৃত্বে পরিচালিত এই ধরনের সামাজিক সংলাপভিত্তিক উদ্যোগ শিল্পের স্থিতিশীলতা এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করতে সহায়তা করবে।