বাঙালির হৃদয়ে ২৫ বৈশাখ মানেই অন্যরকম এক আবেগের দিন। রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। দিনব্যাপী এ আয়োজনে থাকছে রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি, শিশুতোষ অনুষ্ঠান, আলেখ্যানুষ্ঠান ও কাব্যনাট্য যেন পুরো দিনজুড়েই থাকবে কবিগুরুর সৃষ্টির আবহ।
৮ মে রাত ১০টায় প্রচার হবে বিশেষ রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান। আফরোজা সুলতানার প্রযোজনায় অনুষ্ঠানটিতে উপস্থাপনা করেছেন তানজিনা তমা। অনুষ্ঠানে রবিঠাকুরের বিভিন্ন পর্যায়ের জনপ্রিয় ৯টি গান পরিবেশন করবেন দেশের একঝাঁক রবীন্দ্রসংগীত শিল্পী। গানগুলো গাইবেন ফাহিম হোসেন চৌধুরী, বুলবুল ইসলাম, অনিরুদ্ধ সেনগুপ্ত, মেজবাউল আজম, অনিমা রায়, নির্ঝর, মেহনাজ, মহুয়া মঞ্জুরি সুনন্দা ও মিলন দেব। রবিঠাকুরের গান মানেই কখনো প্রেম, কখনো প্রকৃতি, কখনো আবার জীবনদর্শনের গভীরতা। সেই আবহকেই দর্শকদের কাছে নতুন করে পৌঁছে দেবে এ আয়োজন। সংগীতের সুরে সুরে উঠে আসবে কবিগুরুর চিরন্তন দর্শন ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য।
এছাড়াও সকাল ৯টায় থাকছে বিশেষ শিশুতোষ অনুষ্ঠান। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে পরিচয় করিয়ে দেয়ার প্রয়াসে নির্মিত এ অনুষ্ঠান শিশুদের জন্য হয়ে উঠবে আনন্দ ও শেখার এক ভিন্ন অভিজ্ঞতা। সকাল ১০টা ৫ মিনিটে প্রচার হবে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘গীতবিতান’। এছাড়া সন্ধ্যা ৬টায় থাকছে বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান। রবিঠাকুরের কবিতার আবেগ, দর্শন ও শব্দের সৌন্দর্য তুলে ধরবেন আবৃত্তিশিল্পীরা। সন্ধ্যা ৭টায় প্রচার হবে বিশেষ আলেখ্যানুষ্ঠান, যেখানে উঠে আসবে কবিগুরুর জীবন, সাহিত্য ও সৃষ্টিচিন্তার নানা দিক। রাত ৯টায় থাকছে রবি ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত নাটক ‘সম্পত্তি সমর্পণ’। রাত ১১টায় প্রচার হবে কবিগুরুর বিখ্যাত কাব্যনাট্য চিত্রাঙ্গদা। প্রেম, আত্মমর্যাদা ও নারীর আত্মপরিচয়ের অনন্য এই কাব্যনাট্য দর্শকদের আবারও ফিরিয়ে নেবে রবীন্দ্রনাথের সৃষ্টির গভীর জগতে।