পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা নিয়ে বিভিন্ন দেশ ইতোমধ্যে সম্ভাব্য তারিখ প্রকাশ করতে শুরু করেছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, অধিকাংশ দেশে ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশে ঈদ হতে পারে একদিন পর, অর্থাৎ ২৮ মে।
সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম্মুল কুরা ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, আগামী ১৬ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে হবে ৩০তম দিন। অর্থাৎ দেশটিতে জিলকদ মাস পূর্ণ ৩০ দিনে শেষ হওয়ার ইঙ্গিত রয়েছে। সে হিসেবে সৌদি আরবে ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
একই ধরনের পূর্বাভাস দিয়েছে পাকিস্তানও। দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের অবস্থান বিবেচনায় ২৭ মে দেশটিতে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনাই বেশি।
অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপে নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হচ্ছে। মুসলিম জীবনধারা বিষয়ক জনপ্রিয় প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন জানিয়েছে, সেখানে ২৭ অথবা ২৮ মে ঈদুল আজহা হতে পারে।
সংযুক্ত আরব আমিরাতও সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। দেশটির জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২৬ মে আরাফাত দিবস পালিত হবে এবং পরদিন ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।
বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর ঈদ উদযাপনের নজির রয়েছে। সেই হিসেবে দেশে ২৮ মে ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
তবে সব হিসাব-নিকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখার ওপর। এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
উল্লেখ্য, চলতি বছর ২০ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত জিলকদ মাস ২৯ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ১৮ মে থেকে জিলহজ শুরু হলে ঈদ হবে ২৭ মে। আর জিলকদ ৩০ দিনে শেষ হলে ঈদ পালিত হবে ২৮ মে।