বাংলা সিনেমায় লোকজ সংস্কৃতি, মিথ ও মানবিক আবেগকে এক অনন্য নান্দনিকতায় তুলে ধরার ক্ষেত্রে পরিচালক মেজবাউর রহমান সুমন ইতোমধ্যেই নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তার পরিচালনায় নির্মিত আগামী ঈদে মুক্তির অপেক্ষায় থাকা নতুন চলচ্চিত্র রইদ ইতোমধ্যেই দর্শকদের মাঝে বিশেষ আগ্রহ তৈরি করেছে। কিছুদিন আগে প্রকাশিত প্রথম গান ‘রইদ আইলা গা জুড়াইতে’ সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বস্তরের দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলে। সেই আবহের মধ্যেই গতকাল সন্ধ্যায় মুক্তি পেয়েছে চলচ্চিত্রটির দ্বিতীয় গান - ‘মন ছাড়া কী মনের মানুষ রয়’। গানটির মুক্তির পরই থেকেই দর্শক ও শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা।
গানটিতে কণ্ঠ দিয়েছেন পশ্চিমবঙ্গের বীরভ‚মের তারাপীঠের কিংবদন্তি দৃষ্টিহীন বাউল সাধক ও শিল্পী কানাই দাস বাউল। রইদ চলচ্চিত্রে গানটির নতুন সংগীতায়োজন করেছেন বাংলাদেশের স্বনামধন্য সংগীত পরিচালক ইমন চৌধুরী।
গানটি প্রসঙ্গে তিনি বলেন , ‘মেজবাউর রহমান সুমন ভাইয়ের মতো একজন ফাইনেস্ট ডিরেক্টরের সঙ্গে কাজ করা সবসময়ই আমার জন্য সৌভাগ্যের। এর আগেও আমরা একসাথে অনেক অসাধারণ কাজ করেছি। তবে এই প্রজেক্টটি আমার জন্য আরও স্পেশাল, কারণ সদ্যপ্রয়াত সাধক ও শিল্পী কানাই দাস বাউলের সঙ্গে আমরা একটি নতুন গান করতে পেরেছি।’
গানটি নিয়ে চলচ্চিত্রটির পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন- “মাতান চাঁদ গোসাইয়ের ‘মন ছাড়া কী মনের মানুষ রয়’ গানটি আমি বহু বছর ধরে শুনে আসছি। গানটি আমার অত্যন্ত প্রিয় এবং আমি সবসময় এটি কানাই দাস বাউলের কণ্ঠেই শুনেছি। যখন ‘রইদ’-এর চিত্রনাট্য লিখছিলাম এবং সিনেমাটির ডেভেলপমেন্ট চলছিল, তখন এই গানটি আমি বারবার শুনতাম। কানাই দাস বাউল অসাধারণ মায়া মাখা কণ্ঠে গানটি গাইতেন। ‘রইদ’-এর জন্য গানটির সংগীতায়োজন করেছে ইমন চৌধুরী। খুব দুঃখের বিষয়, গানটি কানাই দাস বাউলের মৃত্যুর পর প্রকাশ পাচ্ছে। ”
বাংলার লোকজ আত্মা, বাউল দর্শনের গভীরতা এবং সমকালীন সংগীত নির্মাণের মেলবন্ধনে “মন ছাড়া কী মনের মানুষ রয়” ইতোমধ্যেই হয়ে উঠেছে রইদ চলচ্চিত্রের অন্যতম আলোচিত অনুষঙ্গ।