চলচ্চিত্র সংশ্লিষ্ঠ মানুষদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে অবশেষে সরকারীভাবে চালু হচ্ছে ই-টিকিটিং ও বক্স অফিস। সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে ই-টিকিটিং ও বক্স অফিস বিষয়ে একটি ডিপিপি প্রণয়ন করছে বিএফডিসি।
এ বিষয়ে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি জানান, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর কাছ থেকে সবুজ সংকেত পেয়েছেন তিনি।
মাসুমা তানি জানান, ঈদের আগেই প্রস্তাবটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগে জমা দেওয়া হবে।
মাসুমা তানি এ প্রসঙ্গে বলেন, ‘বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। উনি বলেছেন, কাজটা যেন ন্যূনতম অর্থ ব্যয়ে হয়। আমরাও সে ব্যাপারে সচেষ্ট থাকব।’
ডিপিপি প্রণয়নের আগে সিনেমা হল মালিক সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, স্ট্রিমিং প্ল্যাটফর্মের প্রতিনিধিসহ চলচ্চিত্রের অংশীজনদের সঙ্গে বৈঠক করেছে বিএফডিসি।
ই-টিকিটিং ও বক্স অফিসের প্রশ্নে সবাই ইতিবাচক সাড়া দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ডিপিপি পাওয়ার পর সেটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মিটিংয়ে তোলা হবে। প্রকল্পটি গ্রহণের পর সেটি পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। সেটি পরিকল্পনা কমিশন অনুমোদন দেবে। প্রকল্প পাস হওয়ার পর বিএফডিসি কাজ শুরু করবে।
নাম প্রকাশ না করার শর্তে তথ্য ও সম্প্রচারের এক কর্মকর্তা জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বৈঠকে ই-টিকিটিং ও বক্স অফিস নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। সেটার আলোকেই পরে বিএফডিসিকে ডিপিপি পাঠাতে বলা হয়। দিন বিশেক ধরে ডিপিপির কাজ করছে বিএফডিসি।