বাংলাদেশের শোবিজের জনপ্রিয় তারকা আরিফিন শুভ এখন আন্তর্জাতিক অঙ্গনেও সমানতালে কাজ করছেন। বিশেষ করে বলিউডে তার অভিষেক হয়েছে সম্প্রতি।
বলিউডে যাত্রার শুরুতেই আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন অভিনেতা আরিফিন শুভ। তার অভিনীত ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’ মুক্তির পর থেকেই ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রশংসায় ভাসছে তার অভিনয়।
এই প্রশংসার মিছিলে এবার যোগ দিলেন বাংলাদেশী তারকা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সিরিজটি দেখে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শুভর একাধিক ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘দয়া করে সনি লিভে ‘জ্যাজ সিটি’ দেখুন। অসাধারণ অভিনয়। তোমাকে নিয়ে খুব গর্বিত, আরিফিন শুভ।’
গত ১৯ মার্চ মুক্তি পাওয়া জ্যাজ সিটি পরিচালনা ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন। প্রায় ১০ পর্বের এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র জিমি রায়ে অভিনয় করেছেন শুভ।
এর আগে আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশাকে একসঙ্গে দেখা গেছে মুজিব: একটি জাতির রূপকার সিনেমায়। সেই সময়ও শুভকে প্রকাশ্যে প্রশংসা করেছিলেন তিশা।