একজন শ্রমজীবী নারীর দৈনন্দিন জীবন সংগ্রামের গল্পে বটতলা প্রযোজিত ‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকটি ফের মঞ্চ আসছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামী ১৯ মে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটি।
ইতালীয় নাট্যকার যুগল দারিও ফো ও ফ্র্যাঙ্কা রামের লেখা নাটকটি ইংরেজি থেকে রূপান্তর করেছেন অধ্যাপক আবদুস সেলিম এবং নির্দেশনা দিয়েছেন ম. সাঈদ।
শ্রমজীবী নারীর দৈনন্দিন জীবন সংগ্রামের মোড়কে শোষিত, নিপীড়িত মানুষের গল্প, ক্ষমতাচর্চার বিবিধ সমীকরণে পিষ্ট মানুষ কীভাবে বাঁচে, তারই শিল্পিত উপস্থাপন এই নাটক।
এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা, আশরাফুল অশ্রæ, আফফান রহমান, মনিরা খাতুন সৃষ্টিসহ অনেকে।
কাজী রোকসানা রুমা বলেন, ‘জীবনযুদ্ধ আর সংসারের খাঁচায় আটক এক নারীর গল্প নিয়ে রাইজ অ্যান্ড শাইন। এতে একজন পোশাকশ্রমিকের চরিত্রে অভিনয় করেছি। ‘মইরমের মা’ চরিত্রটিতে চেনা জানা মানুষের ছায়া খুঁজে পাবেন দর্শক।”
বটতলার এই আলোচিত নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’ প্রথম মঞ্চে আসে ২০২২ সালের জুনে।