বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় আগামীকাল ১৮ মে। আর সেই শেষ মুহূর্তেই ব্রাজিল স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। দল ঘোষণার আগে সবচেয়ে বড় আলোচনার বিষয়, নেইমার থাকছেন কি না।
এই অনিশ্চয়তার মধ্যেই ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে বড় সুখবর। ব্রাজিলীয় সংবাদমাধ্যম ‘ইউওএল’-এর দাবি, নেইমারকে রেখেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি।
চোট ও ফিটনেস সমস্যার কারণে ২০২৩ সালের অক্টোবরের পর আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামা হয়নি ৩৪ বছর বয়সি এই ফরোয়ার্ডের। আনচেলত্তির নির্ধারিত ফিটনেস মানদণ্ড অনুযায়ী এখনো পুরোপুরি প্রস্তুত নন নেইমার। তারপরও শেষ পর্যন্ত তার ওপরই আস্থা রাখতে যাচ্ছেন ব্রাজিল কোচ।
খবরে বলা হয়েছে, তরুণ ফরোয়ার্ড এস্তেভাওয়ের চোটই নেইমারের সামনে জাতীয় দলে ফেরার পথ খুলে দিয়েছে। চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন চেলসির এই ব্রাজিলিয়ান ফুটবলার। তার জায়গাতেই নাকি নেইমারকে স্কোয়াডে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ইতোমধ্যে নেইমারকে দলে রাখার বিষয়টি তার ক্লাব সান্তোসকেও জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ‘ইউওএল’।
ব্রাজিলের ইতিহাসে অন্যতম সেরা এই তারকা এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন ১২৮ ম্যাচ। করেছেন দেশের ইতিহাসে সর্বোচ্চ ৭৯ গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫৯টি গোল।