বাংলাদেশের শোবিজের দক্ষ ও জনপ্রিয় তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী এবার এক সঙ্গে একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হলেন।
প্রতিষ্ঠানটির নাম ‘ছুটি কক্সবাজার’। সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে এই তারকাদ্বয় চুক্তিবদ্ধ হয়েছেন।
এদিকে ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো নতুন পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। শোটি উপস্থাপনা করেন অভিনেতা আরমান পারভেজ মুরাদ।
এই পডকাস্টে তাদের দীর্ঘ দাম্পত্য, অভিনয়জীবনের নানা স্মৃতি, দেশে-বিদেশে ভ্রমণের অভিজ্ঞতা এবং অতিথিসেবা নিয়ে ব্যক্তিগত পর্যবেক্ষণে সমৃদ্ধ হয়ে ওঠে পুরো পর্বটি।
এ প্রসঙ্গে রোজী সিদ্দিকী বলেন, ‘প্রাণবন্ত এমন একটি আয়োজনে অতিথি হতে পেরে খুব ভালো লেগেছে। আমরা প্রাণ খুলে গল্প করেছি। আশা করছি, আগামী পর্বগুলোতে দর্শক হিসেবেও দারুণ উপভোগ করব। ছুটি কক্সবাজারকে ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেয়ার জন্য। তাদের যে কোন ভালো উদ্যোগের পাশে আছি।’
শহীদুজ্জামান সেলিম বলেন, “ছুটি কক্সবাজারের প্রতিটি উদ্যোগেই নান্দনিকতার স্পর্শ আছে। তারা যে পর্যটন ও অতিথিসেবায় বহুমাত্রিক ভাবনা নিয়ে কাজ করছে, ‘ছুটির গল্প’ তারই একটি সুন্দর প্রকাশ। শুভেচ্ছাদূত হিসেবে আমাদের যেভাবে সম্মান জানানো হয়েছে, তাতে আমি সত্যিই আপ্লæত।”
পডকাস্ট শেষে আনুষ্ঠানিক পর্বে ছুটি কক্সবাজারের চেয়ারম্যান মোহাম্মাদ তারিক মাহমুদ এবং ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোহাম্মাদ মিজানুর রহমান সেলিম-রোজিকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা দূত হিসেবে বরণ করে নেন। পরে আনুষ্ঠানিক চুক্তিপত্রে সাক্ষর অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আগামী ঈদে ছুটি কক্সবাজারের ইউটিউব চ্যানেলে প্রচার হবে ‘ছুটির গল্প’-এর প্রথম পর্ব। এরপর থেকে থেকে নিয়মিত নানা চমক নিয়ে হাজির হবে এ পডকাস্ট। তুলে ধরবে দেশের নৈসর্গিক সৌন্দর্য, পর্যটনের সম্ভাবনা ও স্বপ্নের গল্প।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা। শেষভাগে সংগীতশিল্পী রিজিয়া পারভিন-এর পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে। পডকাস্ট ও অনুষ্ঠানের কনসেপ্ট ও ইভেন্ট পার্টনার ছিল, ইষ্টিশন কমিউনিকেশন্স।